জবুর 82
হযরত আসফের একটা কাওয়ালী।
1আল্লাহ্তাঁর বিচার-সভার মধ্যে দাঁড়িয়েছেন;
তিনি শাসনকর্তাদের মাঝখানে থেকে
তাদের বিচার করে হুকুম দিচ্ছেন:
2“আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে?
কতকাল দুষ্টদের পক্ষে থাকবে? [সেলা]
3তোমরা গরীব ও এতিমদের প্রতি ন্যায়বিচার কর,
দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা কর,
4গরীব ও কাংগালদের বাঁচাও;
দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা কর।”
5শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই,
তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে;
দুনিয়া-সংসারের সব ভিত্তি টলমল করছে।
6আমি বলেছিলাম, “তোমরা যেন আল্লাহ্,
তোমরা সবাই আল্লাহ্তা’লার সন্তান।
7কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে;
অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।”
8হে আল্লাহ্, তুমি ওঠো, দুনিয়ার বিচার কর,
কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।
