জবুর 83

একটা গজল। হযরত আসফের একটা কাওয়ালী।
1হে আল্লাহ্‌, তুমি চুপ করে বসে থেকো না;
হে আল্লাহ্‌, তুমি মুখ বন্ধ করে রেখো না, সাড়া দাও।
2দেখ, কেমন করে তোমার শত্রুরা গর্জন করছে
আর যারা তোমাকে ঘৃণা করে
তারা গর্বের সংগে মাথা উঁচু করেছে।
3তোমার বান্দাদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে,
তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
4তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই,
যেন ইসরাইলের নাম আর কারও মনে না থাকে।”
5তারা এক হয়ে ষড়যন্ত্র করছে;
যারা তোমার বিরুদ্ধে চুক্তি করেছে তারা হল-
6তাম্বুবাসী ইদোমীয়রা, ইসমাইলীয়রা,
মোয়াবীয়রা ও হাজেরীয়রা,
7গবালীয়রা, অম্মোনীয়রা, আমালেকীয়রা
আর টায়ার-বাসীদের সংগে ফিলিস্তিনীরা;
8এমন কি, আশেরিয়রাও তাদের সংগে যোগ দিয়েছে
আর লুতের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]
9তুমি মাদিয়ানীয়দের প্রতি যা করেছিলে,
কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে,
এদের প্রতি তা-ই কর।
10সীষরা আর যাবীন ঐন্‌দোরে ধ্বংস হয়ে গিয়েছিল;
তারা জমির উপরে গোবরের মত পড়ে ছিল।
11তাদের উঁচু পদের লোকদের দশা তুমি ওরেব ও সেবের মত কর;
তাদের সব শাসনকর্তাদের দশা সেবহ ও সল্‌মুন্নের মত কর।
12ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা আল্লাহ্‌র দেওয়া দেশটা
দখল করে নিই।”
13হে আমার আল্লাহ্‌, তুমি তাদের
বাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর,
বাতাসের মুখে তুষের মত কর।
14বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয়
আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়,
15তেমনি করে তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া কর;
তোমার ভয়ংকর ঝড় দিয়ে ভীষণ ভয় ধরিয়ে দাও।
16তুমি লজ্জা দিয়ে তাদের মুখ ঢেকে দাও,
যাতে হে মাবুদ, তারা তোমাকে ডাকে।
17তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক;
তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক।
18তারা যেন জানতে পারে যে, তোমার নাম মাবুদ,
হ্যাঁ, কেবল তুমিই সারা দুনিয়ার আল্লাহ্‌তা’লা।