জবুর 84

কাওয়ালী পরিচালকের জন্য। গিত্তীৎ। কারুনের বংশের কাওয়ালী।
1হে আল্লাহ্‌রাব্বুল আলামীন,
কি সুন্দর তোমার বাসস্থান!
2আমার প্রাণ মাবুদের ঘরের উঠানগুলো দেখবার জন্য
আকুল হয়ে উঠেছে,
আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে;
জীবন্ত আল্লাহ্‌র জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
3হে আল্লাহ্‌রাব্বুল আলামীন,
আমার বাদশাহ্‌, আমার মাবুদ,
তোমার কোরবানগাহের কাছে চড়াই পাখী ঘর পেয়েছে,
খঞ্জন পাখীও বাচ্চা রাখবার বাসা পেয়েছে।
4ধন্য তারা, যারা তোমার ঘরে থাকে;
তারা সব সময় তোমার প্রশংসা করে। [সেলা]
5ধন্য তারা, যারা তোমার কাছ থেকে শক্তি পায়।
ধন্য তারা, যাদের অন্তরে সিয়োনে যাবার পথের চিন্তা রয়েছে।
6বাকা-উপত্যকার মধ্য দিয়ে যাবার সময়
তারা জায়গাটাকে ঝর্ণার স্থান করে তোলে;
প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে দোয়ায় ভরে দেয়।
7যাওয়ার পথে তারা শক্তির উপরে শক্তি পায়;
তারা প্রত্যেকে সিয়োনে আল্লাহ্‌র সামনে গিয়ে উপস্থিত হয়।
8হে মাবুদ, আল্লাহ্‌রাব্বুল আলামীন,
আমার মুনাজাত শোন;
হে ইয়াকুবের আল্লাহ্‌, আমার কথায় কান দাও। [সেলা]
9হে আল্লাহ্‌, আমাদের ঢালকে দেখ;
তোমার এই অভিষিক্ত বান্দার উপর তোমার দয়ার চোখ রাখ।
10অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়ে
তোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল;
দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে
বরং আমার আল্লাহ্‌র ঘরের দরজার চৌকাঠের কাছে
দাঁড়িয়ে থাকা অনেক ভাল।
11সত্যি মাবুদ আল্লাহ্‌ই সূর্য ও ঢালের মত;
তিনি রহমত ও গৌরব দান করেন।
যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতে
তিনি অস্বীকার করেন না।
12হে আল্লাহ্‌রাব্বুল আলামীন,
ধন্য সে, যে তোমার উপর ভরসা করে।