জবুর 85

কাওয়ালী পরিচালকের জন্য। কারুনের বংশের কাওয়ালী।
1হে মাবুদ, তোমার দেশের প্রতি তুমি রহমত দেখিয়েছ;
তুমি ইয়াকুবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।
2তোমার বান্দাদের অন্যায় তুমি মাফ করেছ;
তুমি তাদের সব গুনাহ্‌ঢেকে দিয়েছ। [সেলা]
3তোমার সমস্ত উপ্‌চে পড়া রাগ
তুমি দূর করে দিয়েছ
আর তোমার জ্বলন্ত গজব থেকে ফিরেছ।
4হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌,
তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন;
আমাদের প্রতি তোমার রাগ তুমি থামাও।
5চিরকাল কি তুমি আমাদের উপর
তোমার রাগ বজায় রাখবে?
বংশের পর বংশ ধরে কি তুমি রাগ করেই থাকবে?
6তোমার বান্দারা যাতে তোমাকে নিয়েই আনন্দিত হতে পারে
সেজন্য কি তুমি তাদের আবার জীবিত করে তুলবে না?
7হে মাবুদ, তোমার অটল মহব্বত তুমি আমাদের দেখাও
আর আমাদের উদ্ধার কর।
8মাবুদ আল্লাহ্‌যা বলবেন আমি তা শুনব;
তাঁর বান্দাদের কাছে, তাঁর ভক্তদের কাছে
তিনি শান্তির কথা বলবেন;
কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে।
9যারা তাঁকে ভয় করে সত্যিই তাঁর উদ্ধার করার সময়
তাদের কাছে এসে গেছে;
এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।
10অটল মহব্বত ও বিশ্বস্ততার মিলন ঘটবে;
ন্যায় এবং শান্তি একে অন্যকে চুম্বন করবে।
11দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে;
বেহেশত থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে।
12যা ভাল মাবুদ সত্যিই তা দেবেন,
আর আমাদের দেশ ফসল দান করবে।
13ন্যায় তাঁর আগে আগে চলবে;
সে তাঁরই পায়ের চিহ্নে চলার পথ গড়ে দেবে।