জবুর 86

হযরত দাউদের মুনাজাত।
1হে মাবুদ, আমার কথায় কান দাও
আর আমাকে জবাব দাও,
কারণ আমি দুঃখী আর অভাবী।
2আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত;
হে আমার আল্লাহ্‌, যে গোলাম তোমার উপর ভরসা করছে
তাকে তুমি রক্ষা কর।
3হে মালিক, আমার প্রতি রহমত কর,
কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।
4তোমার গোলামের মনে আনন্দ দাও,
কারণ হে মালিক, আমার অন্তর
আমি তোমার দিকেই তুলে ধরছি।
5হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী;
যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর।
6হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও;
আমার মিনতির কান্না তুমি শোন।
7বিপদের দিনে আমি তোমাকে ডাকব,
কারণ তুমি আমাকে জবাব দেবে।
8হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই;
তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না।
9হে মালিক, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে
তোমার সামনে সেজদা করবে;
তারা তোমার গুণগান করবে।
10তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক;
একমাত্র তুমিই আল্লাহ্‌।
11হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও,
যাতে আমি তোমার সত্যে চলতে পারি;
তোমাকে ভয় করার জন্য
আমার দোটানা অন্তরকে তুমি এক কর।
12হে আল্লাহ্‌, আমার মালিক,
আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব;
চিরকাল তোমার গুণগান করব।
13আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই;
কবরের সবচেয়ে নীচু জায়গা থেকে
তুমি আমার প্রাণ রক্ষা করেছ।
14হে আল্লাহ্‌, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;
জুলুমবাজের দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে।
তোমার প্রতি সেই লোকদের কোন ভয় নেই।
15কিন্তু হে মালিক, তুমি মমতায় পূর্ণ দয়াময় আল্লাহ্‌;
তুমি সহজে রেগে উঠ না,
তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার সীমা নেই।
16তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর;
তোমার গোলামকে তোমার শক্তি দান কর;
তোমার বাঁদীর ছেলেকে রক্ষা কর।
17তোমার মেহেরবানীর ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও,
যাতে আমাকে যারা ঘৃণা করে তারা তা দেখে লজ্জা পায়;
কারণ হে মাবুদ, তুমিই আমাকে সাহায্য করেছ
আর সান্ত্বনা দিয়েছ।