জবুর 87
কারুনের বংশের একটা কাওয়ালী। একটা গজল।
1মাবুদ পবিত্র পাহাড়শ্রেণীর উপরে
তাঁর শহর স্থাপন করেছেন।
2ইয়াকুব-বংশের অন্য সব বাসস্থানের চেয়ে
তিনি সিয়োনের দরজাগুলো ভালবাসেন।
3হে আল্লাহ্র শহর, তোমার সম্বন্ধে
অনেক গৌরবের কথা বলা হয়েছে। [সেলা]
4মাবুদ বলছেন, “যারা আমাকে সত্যিই জানে
তাদের বিষয় বলার সময় আমি রহব ও ব্যাবিলনের কথা বলব,
আর ঐ যে ফিলিস্তীন, টায়ার ও ইথিওপিয়া, তাদের কথাও বলব,
‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ”
5আর সিয়োনের ব্যাপারে বলা হবে,
“বিভিন্ন জাতির লোক তার মধ্যে জন্মেছে;
আল্লাহ্তা’লা নিজেই সিয়োনকে তুলে ধরবেন।”
6মাবুদ জাতির তালিকা করার সময় এই কথা বলবেন,
“এ সিয়োনে জন্মেছে।” [সেলা]
7যারা গাইবে ও যারা নাচবে তারা বলবে,
“আমার সব আনন্দের ঝর্ণা তোমারই মধ্যে রয়েছে।”
