জবুর 9

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “পুত্রের মৃত্যু।” হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়ে
আমি তোমার প্রশংসা করব
আর তোমার সব অলৌকিক কাজের কথা বলব।
2তোমাকে নিয়েই আমি খুশী থাকব ও আনন্দ করব।
হে আল্লাহ্‌তা’লা, আমি তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।
3আমার শত্রুরা ফিরে গেছে;
তোমার সামনে তারা পড়ে গেছে আর ধ্বংস হয়ে গেছে;
4কারণ তুমি আমার বিচার করে আমার পক্ষে রায় দিয়েছ;
তোমার সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
5তুমি অন্য জাতিদের ধম্‌কে দিয়েছ এবং দুষ্টদের ধ্বংস করেছ;
তাদের নাম তুমি চিরকালের জন্য মুছে ফেলেছ।
6শত্রুরা চিরদিনের জন্য ধ্বংসের মুখে পড়েছে;
তাদের শহরগুলো তুমি উপ্‌ড়ে ফেলে দিয়েছ;
তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
7মাবুদ চিরকাল রাজত্ব করেন;
তিনি বিচারের সিংহাসন স্থাপন করেছেন।
8তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন,
সৎ ভাবেই সব জাতিদের শাসন করবেন।
9যারা জুলুমের মধ্যে পড়ে আছে
মাবুদই যেন তাদের আশ্রয় হন
আর দুর্দিনের কেল্লা হন।
10যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর ভরসা করে,
কারণ হে মাবুদ, যারা তোমাকে গভীরভাবে জানতে চায়
তাদের তুমি কখনও ত্যাগ কর নি।
11মাবুদ সিয়োনে আছেন;
তোমরা তাঁর প্রশংসা-কাওয়ালী গাও।
তিনি যা করেছেন তা অন্য জাতিদের কাছে ঘোষণা কর;
12কারণ যিনি রক্তের প্রতিশোধ নেন
তিনি হত্যা করা লোকদের ভুলে যান না,
দুঃখীর ফরিয়াদ তিনি অবহেলা করেন না।
13হে মাবুদ, আমার প্রতি রহমত কর;
দেখ, আমার শত্রুরা কিভাবে আমাকে জুলুম করছে।
মৃত্যুর দুয়ার থেকে তুমি আমাকে তুলে আন,
14যাতে সিয়োন শহরের দরজাগুলোতে
আমি তোমার প্রশংসা প্রচার করতে পারি,
তোমার দেওয়া উদ্ধার পেয়ে আনন্দ করতে পারি।
15অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে;
তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে।
16ন্যায়বিচারের মধ্য দিয়ে মাবুদ নিজেকে জানতে দেন;
তিনি দুষ্টদের তাঁর কাজের ফাঁদে ফেলেন। [ধ্যান, সেলা]
17যে সব জাতি আল্লাহ্‌কে ভুলে যায়
সেই দুষ্টেরা মরে কবরে যাবে।
18অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না;
অসহায়দের আশা কখনও অপূর্ণ থাকবে না।
19হে মাবুদ, তুমি ওঠো,
মানুষকে তোমার উপর জয়ী হতে দিয়ো না;
তোমার সামনে অন্য জাতিদের বিচার হোক।
20হে মাবুদ, তাদের অন্তরে ভয় জাগাও;
অন্য জাতিরা জানুক যে, তারা কেবলমাত্র মানুষ। [সেলা