জবুর 90

চতুর্থ সিপারা

(90-10৬ রুকু)

আল্লাহ্‌র বান্দা হযরত মূসার মুনাজাত।
1হে মালিক, বংশের পর বংশ ধরে তুমিই আমাদের বাসস্থান।
2যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি,
জগৎ ও দুনিয়ার সৃষ্টি হয় নি,
তার আগে থেকেই আখেরাত পর্যন্ত তুমিই আল্লাহ্‌।
3মানুষকে তুমি ধূলিতে ফিরিয়ে নিয়ে যাও;
তুমি বলে থাক, “হে মানুষের সন্তানেরা,
তোমরা আবার ধূলিতে ফিরে যাও।”
4তোমার চোখে হাজার বছর যেন চলে যাওয়া গতকাল,
যেন রাতের একটা প্রহর মাত্র।
5তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ,
তারা স্বপ্নের মত;
তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস।
6সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে;
সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়।
7তোমার গজবে আমরা শেষ হয়ে যাই;
তোমার জ্বলন্ত রাগে ভীষণ ভয় পাই।
8আমাদের অন্যায় তুমি তোমার সামনে রেখে থাক;
তোমার উপস্থিতির নূরে আমাদের গোপন গুনাহ্‌প্রকাশ পায়।
9তোমার ভীষণ রাগের নীচে আমাদের দিন কেটে যায়;
নিঃশ্বাসের মতই আমাদের বছরগুলো শেষ হয়ে যায়।
10আমাদের আয়ু মাত্র সত্তর বছর,
শক্তি থাকলে আশি বছরও হয়;
আমাদের আয়ু যতই হোক না কেন
তাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট;
বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই।
11তোমার রাগের শক্তি কে বুঝতে পারে?
কতজনের অন্তরে তোমার পাওনা ভয় আছে,
যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?
12তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে,
আমাদের আয়ু কত অল্প,
যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে।
13হে মাবুদ, আর কতকাল?
এবার তুমি ফেরো, তোমার গোলামদের প্রতি মমতা দেখাও।
14নতুন করে তোমার অটল মহব্বত দিয়ে আমাদের তৃপ্ত কর,
যেন আমরা আনন্দে কাওয়ালী গাইতে পারি
আর খুশীতে জীবন কাটাতে পারি।
15যতকাল ধরে তুমি আমাদের অহংকার ভেংগে দেবার কাজ করেছ,
যত বছর আমরা কষ্টের মধ্যে ছিলাম,
ততকাল তুমি আমাদের সুখে রাখ।
16তোমার গোলামদের কাছে তোমার কাজ
আর তাদের সন্তানদের কাছে তোমার গৌরব
তুমি প্রকাশ কর।
17আমাদের আল্লাহ্‌মালিকের রহমত আমাদের উপরে থাকুক;
আমাদের সব কাজ তুমি সফল কর,
হ্যাঁ, আমাদের সব কাজে তুমি সফলতা দান কর।