জবুর 91

1আল্লাহ্‌তা’লার আশ্রয়ে যে বাস করে
সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে।
2মাবুদের সম্বন্ধে আমি এই কথা বলব,
“তিনিই আমার আশ্রয় ও আমার কেল্লা;
তিনিই আমার আল্লাহ্‌যাঁর উপরে আমি ভরসা করি।”
3তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে
আর সর্বনাশা মহামারীর হাত থেকে রক্ষা করবেন।
4তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন,
তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে;
তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।
5রাতের বিপদ আর দিনের হামলাকে তুমি ভয় করবে না;
6ভয় করবে না অন্ধকারের চলমান মহামারীকে
কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।
7হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক,
আর হাজার দশেক পড়বে অন্য দিকে,
কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।
8দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে।
9“হে মাবুদ, তুমিই আমার আশ্রয়স্থান।”
তুমি স্থির করেছ আল্লাহ্‌তা’লা তোমার বাসস্থান;
10সেজন্য তোমার কোন সর্বনাশ হবে না,
তোমার বাড়ীর উপর কোন আঘাত পড়বে না;
11কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে হুকুম দেবেন
যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।
12তাঁরা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন
যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
13তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে,
যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে।
14মাবুদ বলছেন, “মহব্বত দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে,
তাকে আমি রক্ষা করব;
আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব,
কারণ সে আমাকে সত্যিই চিনেছে।
15সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব;
বিপদের সময় আমি তার সংগে থাকব;
তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব।
16অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশী করব;
আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাব।”