জবুর 93
1মাবুদই বাদশাহ্;
তিনি মহিমার রাজপোশাক পরেছেন,
তিনি শক্তিতে কোমর বেঁধেছেন;
দুনিয়া অটলভাবে স্থাপিত হয়েছে,
তা কখনও নড়বে না।
2প্রথম থেকেই তোমার সিংহাসন অটল;
তুমি চিরকাল আছ।
3হে মাবুদ, বন্যার পানিতে গর্জন উঠেছে,
সেই পানি গর্জন করছে;
ফুলে ওঠা ঢেউগুলো ভেংগে পড়ছে।
4বন্যার পানির গর্জনের চেয়ে,
সাগরের আছড়ে পড়া ঢেউয়ের চেয়ে
মাবুদ শক্তিমান, যিনি উপরে আছেন।
5তোমার সব কালাম নির্ভরযোগ্য;
হে মাবুদ, তোমার ঘর পবিত্রতার সাজে চিরকাল সাজানো।
