জবুর 95

1এস, আমরা মাবুদের উদ্দেশে আনন্দের কাওয়ালী গাই;
আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।
2চল, আমরা শুকরিয়া জানাতে জানাতে তাঁর সামনে যাই,
কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।
3মাবুদই আল্লাহ্‌তা’লা;
সমস্ত দেব-দেবীর উপরে তিনিই মহান বাদশাহ্‌।
4দুনিয়ার সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে;
পাহাড়ের চূড়াগুলোও তাঁর।
5সমুদ্র তাঁর, কারণ তিনিই তা তৈরী করেছেন;
ভূমিও তাঁর হাতে গড়া।
6এস, আমরা সেজদা করে তাঁর এবাদত করি;
আমাদের সৃষ্টিকর্তা মাবুদের সামনে হাঁটু পাতি।
7তিনিই আমাদের আল্লাহ্‌, আমরা তাঁরই বান্দা;
তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন।
আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!
8-9 তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত
তোমাদের দিল তোমরা কঠিন কোরো না;
তারা মরুভূমির মধ্যে মরীবায় ও মঃসায়
আমার পরীক্ষা করেছিল।
যদিও তোমাদের পূর্বপুরুষেরা আমার কাজ দেখেছিল,
তবুও তারা সেখানে আমাকে যাচাই করেছিল।
10চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপর
আমি বিরক্ত ছিলাম;
আমি বলেছিলাম, ‘এই লোকদের দিল বিপথে ঘুরে বেড়াচ্ছে;
তারা আমার পথ জানল না।’
11সেইজন্য আমি রাগে কসম খেয়ে বলেছিলাম,
‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”