জবুর 96
1তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও;
দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও।
2মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা কর;
তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার কর।
3বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমার কথা ঘোষণা কর;
সমস্ত লোকের মধ্যে তাঁর সব অলৌকিক কাজের কথা ঘোষণা কর।
4মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য;
সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান।
5বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র,
কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা।
6তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;
তাঁর পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য।
7হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,
স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি মাবুদেরই।
8তোমরা স্বীকার কর সমস্ত গৌরব মাবুদের;
কোরবানীর জিনিস নিয়ে তাঁর উঠানে এস।
9মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে
তাঁর এবাদত কর;
দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।
10বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা কর, “মাবুদই বাদশাহ্।
দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না;
তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করবেন।”
11আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক;
সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;
12মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
তাহলে বনের সব গাছপালাও আনন্দে গান করবে;
13তারা মাবুদের সামনে গান করবে, কারণ তিনি আসছেন।
তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।
তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন,
আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।
