জবুর 97
1মাবুদই বাদশাহ্; দুনিয়া আনন্দ করুক,
দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক।
2তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা;
সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে।
3তাঁর আগে আগে চলছে আগুন;
সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে।
4তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল;
তা দেখে দুনিয়া কেঁপেছিল।
5মাবুদের সামনে, সমস্ত দুনিয়ার মালিকের সামনে
পাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।
6আসমান তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে,
আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।
7যারা মূর্তিপূজা করে আর দেব-দেবী নিয়ে বড়াই করে
তারা সবাই লজ্জায় পড়ুক;
মাবুদের সামনে দেব-দেবী সেজদা করুক।
8হে মাবুদ, তোমার ন্যায়বিচারের কথা শুনে
সিয়োন আনন্দিত হয়েছে,
এহুদার গ্রামগুলো খুশী হয়েছে।
9হে মাবুদ, তুমি সমস্ত দুনিয়ার আল্লাহ্তা’লা;
সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
10যারা মাবুদকে মহব্বত করে তারা অন্যায়কে ঘৃণা করুক;
তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন
আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
11আল্লাহ্ভক্তদের জীবনে নূর দেওয়া হয়,
আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।
12হে আল্লাহ্ভক্ত লোকেরা,
মাবুদই যেন তোমাদের আনন্দের বিষয় হন।
তোমরা তাঁর পবিত্রতার প্রশংসা কর।
