জবুর 98

একটা কাওয়ালী।
1তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও,
কারণ তিনি অনেক অলৌকিক চিহ্ন দেখিয়েছেন;
তাঁর শক্তি, হ্যাঁ, তাঁর পবিত্র মহাশক্তি দিয়ে
তিনি উদ্ধার করেছেন।
2মাবুদ তাঁর উদ্ধারের কাজ দেখিয়ে দিয়েছেন;
সমস্ত জাতির সামনে তাঁর ন্যায়ের কাজ প্রকাশ করেছেন।
3ইসরাইল জাতির জন্য তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততার কথা
তিনি মনে রেখেছেন;
আমাদের আল্লাহ্‌র উদ্ধারের কাজ সমস্ত দুনিয়ার লোকেরা দেখেছে।
4দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে আনন্দধ্বনি কর;
আনন্দ-গানে ফেটে পড় ও প্রশংসার কাওয়ালী গাও।
5বীণা বাজিয়ে আর সুন্দর সুরে
মাবুদের উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও।
6তূরী বাজিয়ে আর শিংগার আওয়াজে
বাদশাহ্‌মাবুদের সামনে আনন্দধ্বনি কর।
7সাগর ও তার মধ্যেকার সব কিছু আনন্দে চিৎকার করুক;
দুনিয়া ও দুনিয়াতে বাসকারীরা আনন্দে চিৎকার করুক।
8সমস্ত নদী হাততালি দিয়ে আনন্দ করুক;
পাহাড়-পর্বত একসংগে মিলে আনন্দে কাওয়ালী করুক।
9মাবুদের সামনেই তারা তা করুক,
কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।
তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন,
আর জাতিদের বিচার করবেন সৎ ভাবে।