জবুর 99
1মাবুদই বাদশাহ্; সমস্ত জাতি কেঁপে উঠুক।
তিনি কারুবীদের উপরে সিংহাসনে বসে আছেন;
দুনিয়া টলমল করুক।
2সিয়োনে বাসকারী মাবুদ মহান;
সমস্ত জাতি তাঁর অধীন।
3সেই জাতিরা তাঁর প্রশংসা করুক;
তিনি ভয়-জাগানো আল্লাহ্তা’লা;
তিনি পবিত্র।
4যে বাদশাহ্ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকে
তুমিই অটল করেছ,
যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন।
তুমিই ইয়াকুবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
5আমাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা কর;
তাঁর পা-দানির সামনে সেজদা কর;
তিনি পবিত্র।
6তাঁর ইমামদের মধ্যে ছিলেন মূসা ও হারুন;
যাঁরা তাঁর কাছে মুনাজাত করতেন তাঁদের মধ্যে ছিলেন শামুয়েল।
মূসা, হারুন ও শামুয়েল মাবুদকে ডাকতেন
আর তিনি তাঁদের জবাব দিতেন।
7তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন;
তাঁরা তাঁর কালাম ও তাঁর দেওয়া হুকুম পালন করতেন।
8হে আমাদের মাবুদ আল্লাহ্, তুমি তাঁদের ডাকে সাড়া দিতে;
তুমি তাঁদের মাফদানকারী আল্লাহ্ছিলে,
যদিও তাঁদের অন্যায়ের শাস্তি দিতে তুমি ছাড় নি।
9সেইজন্য আমাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা কর;
তাঁর পবিত্র পাহাড়ের সামনে তাঁর এবাদত কর,
কারণ আমাদের মাবুদ আল্লাহ্পবিত্র।
