প্রকাশিত কালাম 22
জীবন্তনদী
1-2 তারপর সেই ফেরেশতা আমাকে জীবন্তপানির নদী দেখালেন। সেটা স্ফটিকের মত চক্চকে ছিল এবং আল্লাহ্র ও মেষ-শাবকের সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দু’ধারেই জীবন্তগাছ ছিল। তাতে বারো রকমের ফল ধরে। প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। বদদোয়া আর থাকবে না। 3আল্লাহ্র ও মেষ-শাবকের সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর গোলামেরা তাঁর এবাদত করবে। 4তারা তাঁর মুখ দেখতে পাবে এবং তাঁর নাম তাদের কপালে লেখা থাকবে। 5রাত আর থাকবে না এবং তাদের আর বাতির আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ মাবুদ আল্লাহ্নিজেই তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে।
শীঘ্রই হযরত ঈসা মসীহ্আসছেন
6পরে সেই ফেরেশতা আমাকে বললেন, “এই সব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। মাবুদ আল্লাহ্, যিনি নবীদের মধ্য দিয়ে কথা বলেছিলেন তিনি তাঁর ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, যেন কিছুকালের মধ্যে যা অবশ্যই ঘটতে যাচ্ছে তা সেই ফেরেশতা তাঁর গোলামদের দেখাতে পারেন।”
7ঈসা বলছেন, “দেখ, আমি শীঘ্রই আসছি। এই কিতাবের সমস্ত কথা, অর্থাৎ আল্লাহ্র কালাম যে পালন করে সে ধন্য।”
8আমি ইউহোন্না এই সব শুনেছি ও দেখেছি। সব শুনবার ও দেখবার পরে, যে ফেরেশতা আমাকে এই সব দেখালেন আমি তাঁকে সেজদা করবার জন্য তাঁর পায়ের উপর উবুড় হলাম। 9কিন্তু তিনি আমাকে বললেন, “থাম, আমি তোমার ও তোমার ঈমানদার ভাইদের, অর্থাৎ নবীদের এবং যারা এই কিতাবের সব কথা পালন করে তাদের সহ-গোলাম। আল্লাহ্কেই সেজদা কর।”
10তারপর তিনি আমাকে বললেন, “এই কিতাবের সমস্ত কথা, অর্থাৎ আল্লাহ্র কালাম তুমি গোপন রেখো না, কারণ সময় কাছে এসে গেছে। যে অন্যায়কারী, সে এর পরেও অন্যায় করুক; 11যে জঘন্য, সে এর পরেও জঘন্য থাকুক। সৎ লোক এর পরেও সৎ কাজ করতে থাকুক এবং যে লোক পবিত্র, সে এর পরেও পবিত্র থাকুক।”
12ঈসা বলছেন, “দেখ, আমি শীঘ্রই আসছি এবং প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সংগেই আছে। 13আমি আল্ফা এবং ওমিগা, প্রথম ও শেষ, শুরু ও শেষ।
14“ধন্য তারা, যারা তাদের পোশাক ধুয়ে ফেলে যেন তারা জীবন্তগাছের ফল খাবার অধিকারী হয় এবং দরজার মধ্য দিয়ে শহরে ঢুকতে পারে। 15কুকুরের মত জঘন্য লোক, জাদুকর, জেনাকারী, খুনী, মূর্তিপূজাকারী, আর যারা মিথ্যা ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে।
16“আমি ঈসা আমার ফেরেশতাকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে জামাতগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দাউদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা।”
17পাক-রূহ্এবং কনে বলছেন, “এস।” আর যে এই কথা শুনছে সেও বলুক, “এস।” যার পিপাসা পেয়েছ সে আসুক এবং যে পানি খেতে চায় সে বিনামূল্যে জীবন্তপানি খেয়ে যাক।
18যে লোক এই কিতাবের সমস্ত কথা, অর্থাৎ আল্লাহ্র কালাম শোনে আমি তার কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে, কেউ যদি এর সংগে কিছু যোগ করে তবে আল্লাহ্ও এই কিতাবে লেখা সমস্ত গজব তার জীবনে যোগ করবেন। 19আর এই কিতাবের সমস্ত কথা, অর্থাৎ আল্লাহ্র কালাম থেকে যদি কেউ কিছু বাদ দেয় তবে আল্লাহ্ও এই কিতাবে লেখা জীবন্তগাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন।
20যিনি এই সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলছেন, “সত্যিই আমি শীঘ্র আসছি।”
আমিন। হযরত ঈসা, এস।
21হযরত ঈসার রহমত আল্লাহ্র সব বান্দাদের উপর থাকুক। আমিন।
